রাজধানীতে ব্যাটারিচালিত অবৈধ রিকশা বন্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ইতোমধ্যে এ ধরনের রিকশার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। ডিএনসিসি জানিয়েছে, ডেসকোর সহায়তায় বন্ধ করে দেওয়া হবে এসব রিকশার চার্জিং পয়েন্ট এবং নির্মাণ ওয়ার্কশপগুলো। পাশাপাশি, ঢাকার প্রধান সড়কগুলোতে রিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে; শুধুমাত্র অভ্যন্তরীণ সড়কে চলাচলের অনুমতি থাকবে।
মঙ্গলবার রাজধানীর আসাদগেট এলাকায় ডিএনসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ অভিযানের সময় এসব তথ্য জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, “এক সমীক্ষায় দেখা গেছে, রাজধানীর প্রায় ২০ শতাংশ সড়ক দুর্ঘটনার পেছনে রয়েছে এই ব্যাটারিচালিত রিকশা। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে নারী ও শিশুরা। রিকশাগুলো কোনো নিয়মনীতি বা নিরাপত্তা বিবেচনা না করেই তৈরি করা হয়েছে। অনিয়ন্ত্রিত গতির কারণে পথচারীর ওপর উঠে যাওয়া ও দুর্ঘটনা ঘটার ঘটনা প্রায়ই ঘটছে।”
প্রশাসক আরও জানান, দুর্ঘটনা রোধ এবং গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সরকার ব্যবস্থা গ্রহণ করছে। বুয়েটের সহায়তায় নিরাপদ ব্যাটারিচালিত রিকশার নকশা তৈরি করা হয়েছে এবং কয়েকটি কোম্পানিকে তা উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে। চালকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ডিএনসিসি চলতি মাসেই রিকশাচালকদের প্রশিক্ষণ কর্মসূচি চালু করবে বলে জানান তিনি। প্রশিক্ষণে উত্তীর্ণদের বৈধ লাইসেন্স দেওয়া হবে, এবং শুধু অনুমোদিত কোম্পানির তৈরি রিকশাগুলোই নির্দিষ্ট এলাকায় চলাচল করতে পারবে। এক এলাকার রিকশা অন্য এলাকায় যেতে পারবে না এবং যাত্রী ভোগান্তি কমাতে নির্ধারিত ভাড়া চালু করা হবে।
তিনি আরও বলেন, “একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কেবল একটি রিকশার লাইসেন্স দেওয়া হবে। রিকশা নিয়ে চলমান বাণিজ্য বন্ধে আমরা কঠোর অবস্থান নিচ্ছি।”
অভিযানকালে মূল সড়কে চলাচলরত প্রায় ৩০টি অবৈধ ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ডিএমপির কর্মকর্তা এবং ডিএনসিসির অঞ্চল-৫ এর অন্যান্য কর্মকর্তারা।